অক্ষয় কুমারের গাড়িবহরে অটোর ধাক্কা, উল্টে গেল গাড়ি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর মুম্বাইয়ের জুহুতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। রাতে ফেরার পথে একটি বেপরোয়া অটোরিকশা কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে অক্ষয় কুমার ও স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। জুহুর কাছে একটি দ্রুতগতির অটোরিকশা তাদের কনভের সামনের বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। তবে তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় নিরাপদে ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহত অটোচালক ও তার যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ উল্টে যাওয়া গাড়ি ও অটো জব্দ করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোচালকের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। মুম্বাইয়ের সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের বিষয়ে আগে থেকেই অভিযোগ থাকলেও এবার খোদ বড় তারকার কনভে দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ নজরদারি আরও বাড়িয়েছে।