জাপানে আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
ভূমিকম্পের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা- যদিও পরে তা প্রত্যাহার করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
এর কয়েকদিন আগেই একই এলাকায় ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হন এবং হনশু দ্বীপের আওমোরি অঞ্চলে দুই হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সাগরের তলদেশে এবং এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। সমুদ্রের নিচে গভীরে উৎপত্তি হওয়ার কারণেই ভূমিকম্পের পরপরই সুনামির সম্ভাবনা দেখা দেয় বলে জানায় আবহাওয়া দপ্তর।
পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হলেও স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে, বিশেষত সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের কারণে।