গাজায় উদ্ধার অভিযানে একই পরিবারের ৩০ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে জানানো হয়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে চালানো ইসরাইলি বিমান হামলায় তারা প্রাণ হারান। সংস্থাটির ধারণা, ওই হামলায় পরিবারের অন্তত ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন, যাদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

প্রতিবেদনে বলা হয়, সালেম পরিবারের বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের মাধ্যমে ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম নিয়েই উদ্ধারকাজ পরিচালনা করতে হচ্ছে। একটি এক্সকাভেটরসহ অপ্রতুল যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরাইলি বাহিনীর দখলে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত আছে বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ ৭১ হাজার মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হলেও একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970