‘ইরানের হাতে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বিমান হামলায় কিছু ক্ষয়ক্ষতি হলেও তেহরানের হাতে এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন রয়েছে বলে জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাতে দেশটির সামগ্রিক শক্তি পুরোপুরি দুর্বল হয়নি। ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে, যা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার আইনপ্রণেতাদের সামনে দেওয়া বক্তব্যে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর শত শত হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আপাতত বিমান হামলা বন্ধ রয়েছে। তবে এর ফলে ইরানের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য অবনতি ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। পাশাপাশি দেশটির হাতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও একমুখী আক্রমণকারী ড্রোন মজুত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।