পাকিস্তানকে ৮ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা সৌদি আরবের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ এএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটি অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার জমা এবং বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এস পি এ জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার এবং সক্ষমতা বাড়াতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। বিষয়টি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় থেকে তারা ২ বিলিয়ন ডলার পেয়েছে, যার মেয়াদ ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এই অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই অর্থ স্থানান্তরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেন।

বর্তমানে পাকিস্তান চলতি মাসের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সৌদি আরব ও কাতার থেকে আরও ৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, গত সপ্তাহে পাকিস্তান ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

উচ্চ আমদানি ব্যয় ও ঋণের চাপের কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়েছে। বর্তমানে দেশটির মোট রিজার্ভ প্রায় ২১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রয়েছে ১৬ দশমিক ৪ বিলিয়ন ডলার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রয়েছে প্রায় ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970