দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সরকারি দামী উপহার নিয়মবহির্ভূতভাবে কম দামে নিজের করে নেওয়ার অভিযোগে শনিবার এই রায় ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া মূল্যবান উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে কিংবা বাজারমূল্য পরিশোধ না করে তা নিজের ও স্ত্রীর নামে গ্রহণ করেন। তবে শুরু থেকেই ইমরান খান ও বুশরা বিবি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে পাওয়া যেসব গয়নার বাজারমূল্য ছিল প্রায় ২ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় তিন কোটির বেশি টাকা), সেগুলো মাত্র ১০ হাজার ডলারে নিজেদের করে নেন ইমরান খান ও তার স্ত্রী। পরে এসব গয়না বিক্রি করে লাভবান হওয়ার অভিযোগও আনে প্রসিকিউশন।

ইমরান খানের আইনজীবী রানা মুদাসসার উমর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আদালত আসামিপক্ষের বক্তব্য যথাযথভাবে না শুনেই এই রায় ঘোষণা করেছেন। একই সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ বিচারকে ‘প্রহসন’ আখ্যা দিয়েছে। দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, কোনো শক্ত প্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই সাজা দেওয়া হয়েছে। তার দাবি, ন্যায়বিচারের মৌলিক নীতিমালা এখানে উপেক্ষিত হয়েছে।

পিটিআই সূত্র জানায়, এ রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার নির্দেশ দিয়েছেন ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যমেও দলটির পক্ষ থেকে বিচার প্রক্রিয়ার তীব্র সমালোচনা করা হচ্ছে।

৭৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ একাধিক মামলা চলমান রয়েছে।

তোষাখানা মামলার পাশাপাশি জমি সংক্রান্ত আরেক দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন। এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল তাকে।

সম্প্রতি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন ডা. উজমা খানম সাংবাদিকদের জানান, কারাগারে তাকে একাকী একটি ছোট কক্ষে রাখা হচ্ছে, যা তিনি ‘মানসিক নির্যাতন’ হিসেবে দেখছেন।

সব অভিযোগ ও সাজা সত্ত্বেও পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা এখনো তুঙ্গে রয়েছে। তার কারাবাসের প্রতিবাদে গত দুই বছরে দেশজুড়ে একাধিকবার বিক্ষোভে নেমেছেন সমর্থকরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970