মসজিদে নববির ২৫ বছরের মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
পবিত্র মসজিদে নববির প্রায় ২৫ বছরের মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
শেখ ফয়সাল নোমান ২০০১ সালে (১৪২২ হিজরি) মসজিদে নববির মুয়াজ্জিন হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি এমন এক মর্যাদাপূর্ণ পরিবারের সন্তান, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মসজিদে নববিতে আজান দেওয়ার পবিত্র দায়িত্ব পালন করে আসছেন।
তার দাদা মসজিদে নববির মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সেই এই দায়িত্বে নিয়োগ পান। শেখ নোমানের বাবা কয়েক দশক ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নব্বই বছরের বেশি বয়স পর্যন্ত মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে গেছেন।
শেখ ফয়সাল নোমান নিষ্ঠা ও বিনয়ের সঙ্গে ২৫ বছর ধরে মসজিদে নববির মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা গভীর শোক প্রকাশ করেছেন।