দিল্লিতে এবার স্লিপারবাসে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
ভারতের রাজধানী দিল্লির নাংলোই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, দুই ব্যক্তি বাসের ভেতরে ওই নারীকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার ওই নারী পিতমপুরা এলাকার একটি বস্তিতে বসবাস করেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস জানায়, ১১ মে রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই নারী ঘটনাটির শিকার হন। সরস্বতী বিহারের একটি বাসস্টপে একটি স্লিপার বাসে উঠলে সেখানে তাকে জোর করে ভেতরে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাসটি নাংলোই এলাকায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নির্যাতনের শিকার নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। মেডিকেল পরীক্ষার পর এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনা ২০১২ সালের দিল্লির ভয়াবহ বাস ধর্ষণকাণ্ডের স্মৃতি আবারও সামনে এনেছে। ওই ঘটনায় ২৩ বছরের এক তরুণী গণধর্ষণের শিকার হয়ে পরে মারা যান, যা পুরো ভারতে ব্যাপক আন্দোলন ও ন্যায়বিচারের দাবি সৃষ্টি করেছিল।