দিল্লিতে মোদির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:২৬ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এটিই ছিল তার প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।
এর আগে সম্মেলনে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজ নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গত এক বছরে ইরান দুই দফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ ও নৃশংস আগ্রাসনের শিকার হয়েছে।
আব্বাস আরাগচি আরও দাবি করেন, ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সব অভিযোগ তুলেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তার মতে, এ ধরনের বেপরোয়া সামরিক অভিযান আসলে ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার একটি উপায়, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে এবং বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বুধবার তিনি একটি বিশেষ বিমানে করে ভারতে পৌঁছান। বিমানটির নাম দেওয়া হয়েছে মিনাব ১৬৮। ইরানের মিনাব এলাকার একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ১৬৮ শিশুর স্মরণে এই নাম রাখা হয়েছে বলে জানানো হয়েছে।