ইরানি নারীর প্রেমে মজেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, সেই ‘চড়কাণ্ডের’ নেপথ্যে পরকীয়া?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:০৪ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে ঘিরে পুরোনো এক ঘটনার নতুন ব্যাখ্যা উঠে এসেছে একটি বইয়ে। গত বছর বিদেশ সফরের সময় বিমানের সিঁড়ি দিয়ে নামার মুহূর্তে ব্রিজিত ম্যাক্রোঁ স্বামীকে ধাক্কা দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে চড়ের মতো মনে করেছিলেন।
সেই ঘটনার নেপথ্যে ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কথিত ঘনিষ্ঠ যোগাযোগের বিষয় থাকতে পারে এমন দাবি উঠে এসেছে ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা নতুন বইয়ে। বইটির নাম ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’।
বইটিতে বলা হয়েছে, ম্যাক্রোঁ এবং গোলশিফতেহ ফারাহানির মধ্যে কয়েক মাস ধরে একটি ঘনিষ্ঠ যোগাযোগ চলছিল, যা মূলত বার্তা আদান-প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ ছিল বলে দাবি করা হয়েছে। তবে সেই সম্পর্ককে লেখক ‘প্লেটোনিক’ বা শারীরিক সম্পর্কবিহীন হিসেবে উল্লেখ করেছেন।
আরও দাবি করা হয়েছে, ওই বার্তা আদান-প্রদানের বিষয়টি জানতে পেরেই বিমানের ভেতরে মেজাজ হারান ব্রিজিত ম্যাক্রোঁ। বই অনুযায়ী, কিছু বার্তা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হয়।
একটি বার্তায় নাকি গোলশিফতেহ ফারাহানি ম্যাক্রোঁকে লিখেছিলেন, তাকে তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। জবাবে ম্যাক্রোঁও নাকি ফারাহানিকে সুন্দর বলে মন্তব্য করেছিলেন।
তবে এসব দাবি প্রত্যাখ্যান করেছেন ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর ঘনিষ্ঠরা। তারা বলেছেন, ওই ঘটনার সঙ্গে কোনো ধরনের পরকীয়ার সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তরও অতীতে এ ঘটনাকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছিল।
অন্যদিকে, গোলশিফতেহ ফারাহানি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।