ট্রাম্পের মন্তব্যের জবাবে মেলোনি বললেন, ‘আমি মাথা নত করার মানুষ নই’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:২৫ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রবিরোধী নন, তেমনি কোনো ব্যক্তি বা দেশের সামনে মাথা নত করার মানুষও নন।
সোমবার (২৯ জুন) দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, পশ্চিমা দেশগুলোর মধ্যে ঐক্য আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারে এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। তার ভাষায়, সুসম্পর্ক বজায় রাখতে খোলামেলা ও স্পষ্ট অবস্থান গ্রহণ করা জরুরি।
এর আগে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তুলতে অত্যন্ত আগ্রহী ছিলেন। ট্রাম্প বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে উদ্গ্রীব ছিলেন এবং তিনি চাইলে ছবি নাও তুলতে পারতেন। তবে মায়া হওয়ায় তিনি তা করেছেন বলেও মন্তব্য করেন। পাশাপাশি ট্রাম্প দাবি করেন, মেলোনির সঙ্গে কথা বলার কোনো বাধ্যবাধকতা তার ছিল না, কিন্তু কথা বলতে পেরে ইতালির প্রধানমন্ত্রী খুবই আনন্দিত হন।
ট্রাম্পের এই মন্তব্য ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি মন্তব্যটিকে পুরো ইতালির জন্য অপমানজনক বলে অভিহিত করেন। এর প্রতিবাদে তিনি ২১ ও ২২ জুনের নির্ধারিত যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি বাতিল করেন।
একই সাক্ষাৎকারে ট্রাম্প ইউরোপের অভিবাসন ও জ্বালানি নীতিরও সমালোচনা করেন। তার দাবি, অভিবাসন সংকট এবং বায়ুশক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এছাড়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, দেশটি শান্তি চায় এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই।