কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর উড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৪ এএম

ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে এসব আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরানের পরমাণু কর্মসূচি। তবে হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা বাড়ায় এখন পরিস্থিতি শান্ত করাই আলোচনার প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। ইরানের দাবি, যে কোনো পরিস্থিতিতে তারা প্রণালিটির নিয়ন্ত্রণ বজায় রাখবে। তেহরানের ভাষ্য, এ বিষয়ে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে তাদের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকা উচিত নয় এবং এ গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল অবাধ থাকতে হবে।

তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানান, দোহায় চলতি সপ্তাহে কোনো ‘কারিগরি বৈঠক’ অনুষ্ঠিত হবে—এমন তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আগেই এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

তিনি আরও বলেন, ইরান সাধারণত এ ধরনের বৈঠকের ঘোষণা শেষ মুহূর্তে দেয় এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুমোদনের পরই তা প্রকাশ করা হয়। ফলে পরবর্তী সময়ে নতুন ঘোষণা আসতে পারে। তবে আপাতত আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার খবর নাকচ করছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে আলোচনায় বসার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমঝোতা প্রয়োজন। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে এবং ইসরায়েল দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তেহরান চায়, নতুন আলোচনা শুরুর আগে সমঝোতা স্মারকের সব ধারা পুরোপুরি বাস্তবায়ন নিশ্চিত করা হোক। তাদের দাবি, স্মারকের প্রথম ধারায় যুদ্ধবিরতি এবং পঞ্চম ধারায় হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব ইরানকে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

এ ছাড়া ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ওমান উপকূলের কাছে নতুন একটি নৌপথ তৈরির চেষ্টা করছে। তেহরানের দাবি, সমঝোতা স্মারকের পঞ্চম ধারা অনুযায়ী ওই পথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকারও তাদেরই থাকা উচিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970