হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরানের কঠোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪১ এএম
হরমুজ প্রণালিতে মাইন অপসারণের দায়িত্ব শুধু ইরানই পালন করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এ কাজ করার অধিকার কেবল ইরানের। এ প্রক্রিয়ায় অন্য কোনো দেশের অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন তিনি। ম্যাক্রোঁ বলেছিলেন, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
এর আগে গত রোববার (২৮ জুন) ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কাজেম গারিবাবাদি। বৈঠকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবরও নাকচ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নিয়ে ছড়িয়ে পড়া জল্পনাও প্রত্যাখ্যান করেছে দেশটি।