ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এ দুর্যোগে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে।

সোমবার (২৯ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভূমিকম্পে অন্তত ২২ হাজার ৬১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। এছাড়া অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরা বন্দরে স্থানীয় বাসিন্দারা শাবল, হাতুড়ি ও কোদাল দিয়ে নিজেদের স্বজন ও প্রতিবেশীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

সোমবার ভোরে দেশটিতে ৪ দশমিক ৬ মাত্রার একটি পরাঘাত অনুভূত হলেও এতে নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করলেও সময় গড়িয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। তবে সোমবার ভোরে ১০০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে। সর্বশেষ সোমবার কারাকাস ও লা গুয়াইরায় ৪ দশমিক ৬ মাত্রার পরাঘাত অনুভূত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও উদ্ধারকাজে তাদের সক্রিয় অংশগ্রহণ তুলনামূলক কম দেখা গেছে।

কারাকাসের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা এল জুনকুইতোর বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধার অভিযানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি খুবই সীমিত। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দেওয়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রীই দুর্গত মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে।

এদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ২৫ হাজারের বেশি জরুরি কর্মী, পুলিশ ও সেনাসদস্য ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছেন। তাঁর ভাষায়, ‘এখন প্রতিটি জীবন বাঁচানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970