‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:২১ পিএম
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পরাজিত হবে এবং সেই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ইরানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি।
বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, দৃঢ়তা এবং জনগণের সমর্থনের কারণে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সম্প্রতি ডেনা ডেস্ট্রয়ার নামের রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি মহাকাব্যিক বলে বর্ণনা করেন।
তিনি ইরানি নৌবাহিনীর ভূমধ্যসাগরে প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সব নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগতভাবে এই অবস্থান বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বাব আল মানদাব প্রণালি ও লোহিত সাগর অতিক্রমের সময় শত্রুরা আতঙ্কিত হয়ে পড়ে বলেও তিনি দাবি করেন।
সায়ারি আরও বলেন, ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ইতিহাসে প্রমাণ করে তারা হত্যা, অভ্যুত্থান ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। তবে ইরানের ক্ষেত্রে তারা সফল হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের ঐক্য ও সহনশীলতা কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে তিনি সরকারের প্রতি জনগণের এই সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান।