পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো বিজেপি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৫০ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার তিনি জানান, আগামী সোমবার থেকেই রাজ্যের সব সরকারি বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। এ বিষয়ে শিগগিরই সরকারি নির্দেশনা জারি করা হবে বলেও জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে জেলা শিক্ষা দফতরের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে এবং স্কুলগুলোতেও তা পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি।
বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি নবান্নে গিয়ে এ সংক্রান্ত নির্দেশনা জারি করবেন। তিনি বলেন, আগামী সোমবার থেকে সব বিদ্যালয়ে ক্লাস শুরু হবে ‘বন্দে মাতরম’ গান দিয়ে।
এদিকে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সঙ্গে কথা বলার আগ্রহও প্রকাশ করেন তিনি।