রংপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় রিকশাচালক আরিফুল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতেও গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাটকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কৃতদের বিরুদ্ধে রিকশাচালক আরিফুল ইসলাম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে গোপাল ব্যানার্জিকে ১২ মে নওগাঁ থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ মে বদরগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা শেষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ফিরোজ শাহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়।

এরপর প্রতিশোধ নিতে পরদিন বিকেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আম্বিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক আরিফুল ইসলামের কাছে তার পরিচয় জানতে চাওয়া হয়। তিনি নিজের এলাকার কথা বলার পর তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত আরিফুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরের পাঠানপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি রিকশাচালক হলেও কখনও কখনও রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি গোপাল ব্যানার্জি, মুজাহিদুল ইসলাম সম্রাটসহ মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970