পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের অধীনে পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় রাজ্যজুড়ে গরুসহ সব ধরনের পশু প্রকাশ্যে জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষ এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো গরু, ষাঁড় বা মহিষ জবাই করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুরসহ সব ধরনের গবাদি পশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জবাইয়ের জন্য পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাতপ্রাপ্ত, বিকলাঙ্গ বা নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত পশুকে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে।

এছাড়া পশু জবাইয়ের স্থান নিয়েও কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। এখন থেকে অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করতে হবে। জনসমাগমপূর্ণ স্থান বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিয়ম বাস্তবায়নের জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি এবং অনুমোদিত কর্মকর্তাদের যেকোনো স্থান পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। পরিদর্শনে বাধা দিলে সেটিও আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

শাস্তির বিধানে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে এক হাজার রুপি পর্যন্ত জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এসব অপরাধকে আইনি ভাষায় ‘আমলযোগ্য’ অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ক্ষমতা পরিবর্তনের পর এই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে। নতুন সরকারের এসব পদক্ষেপ রাজ্যের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970