ওসমান হাদি হত্যার বিচার চায় ভারতও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার তাগিদ দিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হাদি হত্যার বিস্তারিত তদন্তের আহ্বান জানানো হয়। বুধবার (২৪ ডিসেম্বর) ভারতের বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, হাদি হত্যার সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ ওঠায় বাংলাদেশকে স্বচ্ছ ও গভীর তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে ভারত। পাশাপাশি এ হত্যাকাণ্ডের পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক এবং বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহিদ ওসমান হাদি নিহত হন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ঢাকায় ভারতীয় দূতাবাস ঘিরে বিক্ষোভের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে একই দিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানান এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এর এক সপ্তাহ না যেতেই মঙ্গলবার তাকে ফের পাল্টা তলব করল নয়াদিল্লি।