মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইও অঙ্গরাজ্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে এ হামলা হয়। সোমবার (৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হামলায় ভ্যান্সের বাসভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হামলার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবার বাসভবনে উপস্থিত ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় বাড়ির জানালার ক্ষতি হয়েছে।
গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি জানান, আটক ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙচুরসহ সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
সিএনএন জানায়, রোববার মধ্যরাতের পরপরই এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করছে এবং অভিযোগের ধরন নির্ধারণের প্রক্রিয়া চলছে।
এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, হামলার ঘটনায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বা তার পরিবারের সদস্যরা সরাসরি লক্ষ্যবস্তু ছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনার আগেই ভ্যান্স পরিবার শহর ত্যাগ করেছিলেন।