এবার গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
গ্রিনল্যান্ড আক্রমণের সম্ভাব্য পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ডে সামরিক অভিযানের পরিকল্পনা প্রণয়নের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় পরিচালিত এক সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় ওয়াশিংটনের সাফল্যের পর ট্রাম্পের ঘনিষ্ঠ নীতিগত কট্টরপন্থীরা (পলিসি হকস) আরও আগ্রাসী অবস্থান নিতে উৎসাহিত হচ্ছেন। তাদের মতে, রাশিয়া বা চীন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই দ্রুত গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া উচিত।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড (জেএসওসি)-কে সম্ভাব্য আক্রমণ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা জয়েন্ট চিফস অব স্টাফ এই উদ্যোগের বিরোধিতা করছে।
এদিকে ট্রাম্পের এমন বক্তব্য ও অবস্থানের পর গ্রিনল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার গ্রিনল্যান্ডের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না। আমরা গ্রিনল্যান্ডার হিসেবেই থাকতে চাই।”
এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা করব। আমরা যদি না করি, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নেবে। আমরা রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে চাই না।”
তিনি আরও বলেন, “আমি সহজ উপায়ে একটি চুক্তি করতে চাই। কিন্তু যদি সহজ উপায়ে না হয়, তাহলে কঠিন উপায়েই তা করা হবে।”