যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ পিএম
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে যে, চলমান বিক্ষোভে কোনো বহিরাগত হস্তক্ষেপ হলে তারা পাল্টা হামলা চালাবে।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ রোববার (১১ জানুয়ারি) বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হবে।
এই হুঁশিয়ারি আসে সেই সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত এবং ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে তিনি সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন।
টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৩৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বা সরকারি কর্মকর্তা। ইন্টারনেট বন্ধ থাকার কারণে তথ্য প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।