মহাকাশ মিশনে বড় ধাক্কা, ১৬ স্যাটেলাইট হারাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
মহাকাশ অভিযানে বড় ধরনের হোঁচট খেল ভারত। সোমবার (১২ জানুয়ারি) পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়ে। এ মিশনে মোট ১৬টি স্যাটেলাইট বহন করা হচ্ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, উৎক্ষেপণের কিছু সময় পর রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। ফলে মিশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে। তবে মিশনটি সম্পূর্ণ সফল নাকি ব্যর্থ—সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করলেও তৃতীয় ধাপে গিয়ে রকেটের গতিপথে অস্বাভাবিকতা দেখা দেয়।
বিশেষজ্ঞদের মতে, পিএসএলভির তৃতীয় ধাপে ত্রুটি দেখা দিলে সাধারণত পুরো মিশনই ব্যর্থ হয়ে যায়। পিএসএলভি-সি৬২-কে রকেটটির ‘কামব্যাক মিশন’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এর আগে ২০২৫ সালে পিএসএলভির একটি উৎক্ষেপণ ব্যর্থ হয়, যেখানে একইভাবে তৃতীয় ধাপেই সমস্যা দেখা দিয়েছিল।
এই মিশনে ইওএস-এন১ ছাড়াও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ বহন করা হচ্ছিল।