পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ১১টার দিকে খুশাব শহরের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি ট্রাক যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। দুর্ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ও আহত সবাই শ্রমজীবী মানুষ ছিলেন। তারা কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন। আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970