এই সরকার পালানো দরকার, মমতাকে ইঙ্গিত করে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২০ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও রাজ্য সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদহে এক জনসভায় বাংলা ভাষায় তিনি বলেন, ‘এই সরকার পালানো দরকার।’

মোদি বলেন, সম্প্রতি মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে (বিএমসি) প্রথমবারের মতো বিজেপির নিরঙ্কুশ জয় প্রমাণ করে যে ভারতের জেন-জি প্রজন্ম উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে। তিনি দাবি করেন, এবার বাংলার ভোটাররাও বিজেপিকেই বেছে নেবেন।

তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মোদি বলেন, রাজ্য সরকার জনগণের অর্থ লুট করছে এবং কেন্দ্রীয় সরকারের পাঠানো সাহায্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। তার ভাষ্য, তৃণমূল পরাজিত হয়ে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাংলায় প্রকৃত উন্নয়ন শুরু হবে।

মালদহ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল সরকারের দুর্নীতির কারণে জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর নদীভাঙনে বহু ঘরবাড়ি বিলীন হলেও পাড় বাঁধার অর্থ সঠিকভাবে ব্যয় হয়নি। প্রয়োজন নেই—এমন লোকদের নামে বারবার টাকা দেওয়া হয়েছে, আর প্রকৃত ভুক্তভোগীরা বঞ্চিত হয়েছেন। তৃণমূলের ঘনিষ্ঠ সিন্ডিকেট এই অর্থ লুট করেছে বলে অভিযোগ করেন মোদি।

অনুপ্রবেশ ইস্যুতে মোদি বলেন, বাংলার সামনে বড় সংকট হলো অনুপ্রবেশ। বিশ্বের অনেক সমৃদ্ধ দেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তৃণমূল সরকার থাকলে তা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তৃণমূলের সিন্ডিকেট বছরের পর বছর অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর খেলায় লিপ্ত। এতে স্থানীয় মানুষের অধিকার, যুবকদের কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, মালদহ ও মুর্শিদাবাদ থেকে কর্মসংস্থানের অভাবে যুবকদের বাইরে চলে যেতে হচ্ছে। রেশম চাষি ও আমচাষিরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে তৃণমূল সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970