জম্মু–কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
ভারতশাসিত জম্মু–কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। অভিযানে যাওয়ার পথে সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ সামরিক যান নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জম্মু–কাশ্মীরের দোদা জেলায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, চলন্ত অবস্থায় সেনাবাহিনীর গাড়িটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জন সেনাসদস্য প্রাণ হারান।
দুর্ঘটনার পর এক শোকবার্তায় জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিহত সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা।
তিনি আরও জানান, আহত ১০ জন সেনাসদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।