ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের বহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই বহর ব্যবহার করার প্রয়োজন হবে না। একই সঙ্গে ইরানকে বিক্ষোভকারীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে আবারও সতর্ক করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এক কর্মকর্তা বলেন, সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এই সামরিক মোতায়েনের ফলে ট্রাম্প প্রশাসনের হাতে আরও বিকল্প থাকছে। একদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করা, অন্যদিকে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘অনেক জাহাজ ওই দিকে যাচ্ছে—এটা শুধুই সতর্কতার জন্য। আমি চাই না কিছু ঘটুক, তবে আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের একটি নৌবহর ওই দিকে যাচ্ছে এবং হয়তো আমাদের সেটি ব্যবহার করতে হবে না।’
গত সপ্তাহে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজগুলোর যাত্রা শুরু হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে বিক্ষোভ দমন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ট্রাম্প আগেও হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি দাবি করেন, তাঁর হুঁশিয়ারির পর ইরান প্রায় ৮৪০টি মৃত্যুদণ্ড কার্যকর করা বাতিল করেছে। ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম, যদি তারা ওই মানুষগুলোকে ফাঁসি দেয়, তাহলে তাদের এমন পরিণতি হবে যা আগে কখনও দেখেনি।’
ট্রাম্প আরও বলেন, জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যদি দেশটি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তাঁর ভাষায়, ‘যদি তারা আবার চেষ্টা করে, আমরা অন্য জায়গায়ও সহজেই আঘাত হানতে পারব।’