ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: উপ-পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ এএম
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। বরং তাদের লক্ষ্য পুরো অঞ্চলে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা। শুক্রবার তুরস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেকোনো যুদ্ধবিরতির মধ্যে লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে। এটিকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেন তিনি।
সাইদ খাতিবজাদেহ আরও বলেন, ইরান কোনো অস্থায়ী সমাধান গ্রহণ করবে না। তার মতে, সংঘাতের চক্র একেবারে স্থায়ীভাবে এবং সম্পূর্ণভাবে শেষ হওয়া উচিত।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই জলপথ ঐতিহাসিকভাবেই উন্মুক্ত রয়েছে। এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে হলেও দীর্ঘদিন ধরে এটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খোলা।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যার ফলে বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। সূত্র: আল-জাজিরা