থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করার কাজ এখনো শেষ হয়নি।
রেকর্ড করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, তাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। হিজবুল্লাহর অবশিষ্ট রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য।
এদিকে নেতানিয়াহুর এমন অবস্থানের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলকে আর লেবাননে বোমা হামলার অনুমতি দেওয়া হবে না।
ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে লেখেন, যথেষ্ট হয়েছে, আর নয়। তার এই মন্তব্যের মাধ্যমে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোরভাবে সামনে এসেছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই ঘোষণা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বিরোধিতার পর ইসরায়েল পরবর্তী ধাপে কী পদক্ষেপ নেয়, তা এখন আন্তর্জাতিকভাবে নজরকাড়ছে। সূত্র: আল-জাজিরা