নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: ভারতের সাবেক হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তার ভাষ্য অনুযায়ী, অতীতে জামায়াত পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি, ফলে দলটির পর্যাপ্ত জনসমর্থন নেই।

শ্রিংলা আরও বলেন, ‘কেউ তাদের সামনে নিয়ে আসছে। তারপরও যদি নির্বাচনে অনিয়ম হয়, তাহলেই তারা ক্ষমতায় আসতে পারবে। অন্যথায় তা অসম্ভব।’

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে নয়াদিল্লি, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে তেমন পরিবেশ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি না, সেটিও নিশ্চিত নয়। সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। পুরো প্রক্রিয়া ঘিরে অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন রয়ে গেছে।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970