লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
লিবিয়ার প্রয়াত শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির জিনতান শহরে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাইফ আল-ইসলামের বোনের বরাতে জানা গেছে, আলজেরিয়া সীমান্তবর্তী একটি এলাকায় তার মৃত্যু হয়েছে। তবে কী পরিস্থিতিতে এবং কার গুলিতে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি জানাননি।
১৯৭২ সালে জন্মগ্রহণ করা সাইফ আল-ইসলাম গাদ্দাফি তার বাবার শাসনামলে লিবিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। গাদ্দাফি শাসনামলের শেষ দিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
করনেল মুয়াম্মার গাদ্দাফির পর সাইফ আল-ইসলামকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ১৯৬৯ সাল থেকে দীর্ঘ ৪২ বছর লিবিয়া শাসন করেন মুয়াম্মার গাদ্দাফি। ২০১১ সালে এক গণঅভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে নিহত হন।
উল্লেখ্য, সাইফ আল-ইসলাম গাদ্দাফি ২০০৮ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণায় বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছিল।