পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে ২২ সেনাসহ নিহত ২৫৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিনব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ২৫৫ জনের প্রাণহানি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তথ্যানুযায়ী, নিহতের মধ্যে ২২ জন পাকিস্তানি সেনা, ৩৬ জন বেসামরিক নাগরিক এবং ১৯৭ জন সশস্ত্র বিদ্রোহী রয়েছে।

জিও নিউজ জানিয়েছে, ৩১ জানুয়ারি প্রদেশজুড়ে একযোগে হামলার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। ওইদিন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশের ১২টি শহরে সমন্বিত হামলা চালায়, যার ফলে ১৭ নিরাপত্তা সদস্য এবং ৩১ বেসামরিক নাগরিক নিহত হন।

পরবর্তী তিন দিনে কোয়েটা, মাস্তুং, নুশকি, দালবান্দিন, খারান, পাঞ্জগুর, টুম্প, গোয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চলে। নিরাপত্তা সূত্র জানায়, এসব ঘটনায় নারী ও শিশুসহ ৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অভিযানের প্রাথমিক ধাপে সেনারা ৯২ ‘জঙ্গি’ হত্যা করে, যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের গোষ্ঠীর সদস্যরা নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৮ নিরীহ মানুষকে হত্যা করেছে এবং বেলুচিস্তানের স্বাভাবিক জীবন ও উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে।

আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। সংঘর্ষ চলাকালীন একদিনে ১৫ সেনা নিহত হন। ক্ষতিগ্রস্ত এলাকায় স্যানিটাইজেশন অপারেশন চালানো হয়েছে, যাতে হামলার পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা আইনের আওতায় আনা যায়।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলার পরিকল্পনা দেশের বাইরে অবস্থানরত নেতাদের মাধ্যমে করা হয়েছে এবং হামলার সময় তারা হামলাকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তানে পাকিস্তানি নাগরিক ও বিদেশি কোম্পানিকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970