আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ: পাকিস্তানকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
আফগানিস্তানের সরকারের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রতি সমর্থনের কথা তুলে ধরেন।
তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচর সঙ্গে তাঁর কথা হয়েছে। সাম্প্রতিক পাকিস্তান–তালেবান সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তালেবানের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারকে সমর্থন করার কথাও উল্লেখ করেন।
এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরর ভূমিকায় প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে শক্তিশালী ও সম্মানিত নেতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, পাকিস্তান বর্তমানে ভালো অবস্থানে রয়েছে।
পাকিস্তান–আফগানিস্তান সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসলামাবাদের দাবি, ৮৯টি সেনা চৌকিসহ ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। পাল্টা হামলায় পাকিস্তানেও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
শুক্রবার আফগানিস্তানে ‘অপারেশন গজব লিল হক’ নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। অভিযানের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলামাবাদের দাবি, এতে বহু তালেবান সদস্য হতাহত হয়েছে এবং ধ্বংস হয়েছে একাধিক সামরিক স্থাপনা।
আফগানিস্তানকে হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তালেবান সরকারের যেকোনো অপতৎপরতায় ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করবে পাকিস্তান। সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, পাকিস্তানকে আরও শক্ত ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজর বরাতে প্রকাশিত খবরে বলা হয়, ভবিষ্যতে কোনো হামলা হলে পাকিস্তানকে আরও দৃঢ় ও শক্তিশালী জবাব দেওয়া হবে।