ইরানে আকাশ ও সমুদ্রপথে ‘ব্যাপক’ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
ইসরায়েলের হামলার পর এবার ইরানে আকাশ ও সমুদ্রপথে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইরানের বিভিন্ন স্থানে আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। অপরদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান অভিযানের মূল লক্ষ্য হচ্ছে ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া।
আকাশসীমা বন্ধ ঘোষণা ইরানের-
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখওয়ান মেহের নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশের আকাশসীমা বন্ধ থাকবে।
অন্যদিকে ইরাক নিউজ এজেন্সি জানায়, ইরানের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাকও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
প্রসঙ্গত, শনিবার প্রথমে ইসরায়েল ইরানে হামলা চালায়। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাজধানী তেহরান-এর বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, রাজধানীতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা খবর পেয়েছে।