মৃত্যুর আগে নিজের শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ মার্চ) ভোরে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হামলাতেই তিনি প্রাণ হারান। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রকাশিত উপগ্রহচিত্রে দেখা গেছে, হামলায় প্রাসাদ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ ও জামাইও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

মৃত্যুর ১১ দিন আগে সর্বশেষ জনসম্মুখে ভাষণ দেন খামেনি। সেই ভাষণে তিনি ইরানের জন্য প্রতিরোধক্ষম অস্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরুর প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো দেশের নিজস্ব প্রতিরোধশক্তি না থাকলে তা শত্রুর পদতলে পরিণত হয়।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অকারণে ইরানের বিষয়ে হস্তক্ষেপ করছে এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা নিয়ে শর্ত আরোপের চেষ্টা করছে। তার ভাষায়, এটি ইরানি জাতির নিজস্ব বিষয়।

ওই ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারিও দেন খামেনি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এমন আঘাত পেতে পারে, যার পরিণতিতে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না।

এদিকে খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বার্তা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে পরিচালিত অভিযানে খামেনি ও তার সহযোগীরা পালানোর সুযোগ পাননি।

আরেক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক এবং তারা নিরাপত্তা বা ক্ষমা চাইছে। তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, এখনই সুযোগ—দেরি করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরানের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমিকদের সঙ্গে একাত্ম হয়ে দেশকে নতুন পথে এগিয়ে নেবে। পাশাপাশি তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে বিমান হামলা অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970