আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম
পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। ফলে শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে জুমার নামাজ আদায় করতে সমবেত হতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দখলদার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবারের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার। এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক বা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল আকসা মসজিদ। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই ওই পবিত্র এলাকা ঘিরে নিজেদের নিয়ন্ত্রণ ও সীমানা বিস্তার করে আসছে তারা।