ইরানে আজ কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম
ইরানের ওপর আজ অত্যন্ত কঠোর আঘাত হানা হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথাও উল্লেখ করেছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে।”
তিনি আরও বলেন, ইরানের ‘অশোভন আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকেও হামলার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যা আগে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত ছিল না। এসব স্থানে হামলা হলে তা সম্পূর্ণ ধ্বংস ও প্রাণহানির কারণ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে শনিবার এক বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কখনোই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর কাছে আত্মসমর্পণ করবে না। তার এই বক্তব্যের পরপরই ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে হুমকি আসে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরানের হামলার কারণে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো যে পরিস্থিতির মুখে পড়েছে, সে জন্য তেহরান দুঃখ প্রকাশ করছে। তবে তিনি স্পষ্ট করে জানান, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে যদি ইরানের ওপর হামলা না চালানো হয়, তাহলে তাদের লক্ষ্যবস্তু করা হবে না।
এ বিষয়ে নিজের পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে নতি স্বীকার করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর গুলি চালাবে না।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণেই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইরান আর মধ্যপ্রাচ্যের শক্তিশালী ‘গুন্ডা’ নয়; বরং এখন তারা একটি পরাজিত শক্তিতে পরিণত হয়েছে। আত্মসমর্পণ না করা বা পুরোপুরি ধসে না পড়া পর্যন্ত দীর্ঘ সময় তাদের এই অবস্থাতেই থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।