যুদ্ধ বিধ্বস্ত ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চীন কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, বিভিন্ন খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও বেইজিং এখনো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েনি।

এদিকে ইরানি তেলের ওপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিরাপদ রাখতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পারে চীন—এমন তথ্যও উল্লেখ করা হয়েছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চীন এই বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া।

তবে চীন ও রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি সামরিক সহায়তা পাচ্ছে কি না—এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে রাজি হননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা আমাদের রাজনৈতিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ওই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলার নিন্দা জানালেও এখন পর্যন্ত ইরানকে সরাসরি সামরিক সহায়তার কোনো ঘোষণা দেয়নি পরমাণু শক্তিধর দেশ রাশিয়া ও চীন।

সূত্র: সিএনএন

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970