শত্রুর গোপন আস্তানা খুঁজে দিতে মুসলিম দেশগুলোর সহায়তা চাইল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি দাবি করেছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী সরাসরি যুদ্ধে অক্ষম হয়ে সাধারণ মানুষকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে শত্রুদের অবস্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে মুসলিম দেশগুলো ও আঞ্চলিক জনগণের সহায়তা কামনা করেছে তেহরান।
ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেনারেল শেকারচি বলেন, শত্রুপক্ষ সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করায় সামরিক অভিযান পরিচালনার সময় বেসামরিক মানুষের ক্ষতির আশঙ্কা বাড়ছে। তবে আঞ্চলিক দেশগুলো যদি নির্ভুল তথ্য সরবরাহ করে, তাহলে ইরান আরও নির্দিষ্টভাবে শত্রুর গোপন ঘাঁটিতে আঘাত হানতে পারবে এবং এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরাসরি যুদ্ধে অক্ষম হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী এখন নারী ও শিশুদের ওপর হামলা চালিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। খুব শিগগিরই এই আচরণের জবাব দেওয়া হবে এবং তাদের ওপর অত্যন্ত প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আঘাত হানা হবে।
শেকারচি তার বক্তব্যে বলেন, যারা সাধারণ মানুষকে জিম্মি করে যুদ্ধ পরিচালনা করছে, তাদের জন্য ইরান ‘গুঁড়িয়ে দেওয়ার মতো’ শক্তিশালী আঘাত প্রস্তুত করে রেখেছে।