ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম
ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি জ্বালানিবাহী সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটিতে থাকা চার ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের হামলা কিংবা নিজেদের বাহিনীর ভুলবশত আঘাতের কারণে এই দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঝ আকাশে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার মডেলের, যা মূলত যুদ্ধবিমান ও বোমারু বিমানে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। সাধারণত পাইলট ও সহকারী পাইলটসহ একটি ছোট ক্রু দল এই ধরনের বিমান পরিচালনা করে থাকে।
এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রেক্ষাপটে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবহরের উল্লেখযোগ্য অংশ মোতায়েন রয়েছে।