ভারতে ইফতারের আয়োজনে হিন্দুত্ববাদী চরমপন্থীদের সশস্ত্র হামলা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পুনে জেলার পুরন্দর তালুকার অস্কারওয়াড়ি গ্রামে ইফতার আয়োজনকে কেন্দ্র করে একদল মুসলিম যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় একটি লেকের পাড়ে রোজা ভাঙার প্রস্তুতির সময় এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, পুনের কোন্ধওয়া এলাকার ৩৬ বছর বয়সী কাপড় ব্যবসায়ী ফিরোজ সায়াদ ও তার বন্ধুরা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে করে ওই স্থানে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা যখন ইফতারের জন্য খাবার সাজাচ্ছিলেন, তখন হঠাৎ ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়।

জানা গেছে, হামলাকারীদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল। তারা উপস্থিত মুসলিম যুবকদের ধর্মীয় পোশাক ও টুপি পরা নিয়ে আপত্তি জানিয়ে উস্কানিমূলক মন্তব্য করে। একপর্যায়ে তাদের মাথা থেকে টুপি খুলে ফেলতে বাধ্য করার চেষ্টা চালানো হয় এবং এরপর শুরু হয় শারীরিক হামলা।

এ ঘটনায় সাসওয়াদ থানা পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। পুলিশ পরিদর্শক কুমার কদম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলটি কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থান নয়। স্থানীয়দের দাবি, এর আগে সেখানে এভাবে ইফতারের আয়োজন করা হয়নি।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া। দলটির পক্ষ থেকে জানানো হয়, হামলায় অন্তত ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়েছেন। দলের নেতা আজহার তাম্বোলি অভিযোগ করেন, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এই হামলার সঙ্গে জড়িত। তিনি দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970