এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ধীরে ধীরে দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে বাড়ছে হামলা ও পাল্টা হামলার তীব্রতা। এমন পরিস্থিতিতে বড় ধাক্কায় পড়েছে ইরান।

যুদ্ধের প্রায় ২০ দিনের মাথায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং উপ-প্রধান আলীরেজা বায়েত নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইসরায়েলের হামলায় তারা একসঙ্গে প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। বিষয়টি জানিয়েছে তাসনিম নিউজ।

শুরুর দিকে ইসরায়েল দাবি করেছিল, লক্ষ্যভেদী হামলায় আলী লারিজানিকে হত্যা করা হয়েছে। পরে ইরানের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী নিহত হন। পরবর্তীতে নিশ্চিত করা হয়, নিহত ওই সহকারীই ছিলেন পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত।

আলী লারিজানির মৃত্যুতে শোক জানিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, দেশ ও ইসলামি বিপ্লবের জন্য আজীবন সংগ্রামের পর তিনি দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এবার চূড়ান্ত জবাব দেওয়া হবে। একইসঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইতোমধ্যেই পাল্টা হামলা শুরু করেছে।

আলী লারিজানি ছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এ পদে নিয়োগ দেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব দেন।

তিনি দীর্ঘদিন ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১২ বছর সংসদের স্পিকার ছিলেন তিনি। এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের প্রধান পারমাণবিক আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আলীরেজা বায়েতকে ইরানি গণমাধ্যম একজন দক্ষ কিন্তু প্রচারবিমুখ প্রশাসক হিসেবে উল্লেখ করেছে। নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান ছিলেন এবং বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেছেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ হয়, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকেই শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নিহত হন। পাল্টা হিসেবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

টানা প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু ইরানের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970