মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বড় ধাক্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যয়বহুল মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ অগ্নিকাণ্ড ও যান্ত্রিক সমস্যার কারণে লোহিত সাগরের যুদ্ধক্ষেত্র ছাড়তে বাধ্য হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রণতরিটিকে মেরামতের জন্য গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটিতে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ড জাহাজটির সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলেছে।

জানা গেছে, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ ঘণ্টা সময় লাগে। এ ঘটনায় ধোঁয়ার কারণে প্রায় ২০০ নাবিক অসুস্থ হয়ে পড়েন এবং গুরুতর অসুস্থ একজনকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে অন্তত ১০০টি শয্যা ও লন্ড্রি সুবিধা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এদিকে জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। টয়লেটের ড্রেন জ্যাম হয়ে যাওয়ায় ৬৫০টি শৌচাগারের সামনে নাবিকদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে প্রতিদিন। এতে করে নাবিকদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ বাড়ছে।

টানা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং জাহাজের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নাবিকদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটের গোয়েন্দা কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার এ পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে নাবিকদের ওপর অমানবিক চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সামরিক অভিযানের অন্যতম কেন্দ্র ছিল এই রণতরী। এখান থেকেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ফলে এ রণতরীকে সরিয়ে নেওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে এর বিকল্প হিসেবে ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ নামের আরেকটি রণতরীকে দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অত্যাধুনিক এই রণতরীটি কবে আবার পুরোপুরি সক্ষম হয়ে ফিরে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970