গঙ্গায় নৌকায় ইফতারি ইফতারি করায় ১৪ জন মুসলিম গ্রেফতার, মহুয়া মৈত্রর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার মাহফিল আয়োজন করে চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে ১৪ জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত সোমবার নৌকায় আয়োজিত ওই ইফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ উঠেছে, এই আয়োজনের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

ভারতীয় জনতা পার্টির যুব শাখার নগর সভাপতি রজত জয়সওয়াল এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, নৌকায় মাংস খাওয়ার পাশাপাশি খাবারের উচ্ছিষ্ট অংশ গঙ্গা নদীতে ফেলা হয়েছে, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এই নদীর অবমাননার শামিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে উপাসনালয় অপবিত্র করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, গোষ্ঠীগত বিদ্বেষ ছড়ানো, জনউপদ্রব সৃষ্টি এবং মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি পানি দূষণ প্রতিরোধ সংক্রান্ত আইনেও মামলা করা হয়েছে।

এদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই গ্রেফতারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন।

মহুয়া মৈত্র বলেন, ধর্মীয় পরিচয় কি মানুষের খাদ্যাভ্যাস নির্ধারণ করে দিতে পারে? তিনি আরও উল্লেখ করেন, বিষয়গুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত শুধুমাত্র গঙ্গার ওপর মাংস খাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা আইনসম্মত নয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে খাদ্যাভ্যাস, ধর্মীয় স্বাধীনতা এবং জনপরিসরে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার ও আইনের পক্ষপাতমূলক প্রয়োগ নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970