এবার হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম
ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মিয়ামিতে সৌদি সমর্থিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ভুলবশত ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খোলা রাখা জরুরি। পরে নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি হরমুজ প্রণালিকেই বুঝিয়েছি। এটি একটি বড় ভুল হয়ে গেছে।’
বক্তৃতার সময় তিনি সম্ভাব্য প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, গণমাধ্যম বিষয়টি নিয়ে সমালোচনা করতে পারে, তবে এমন ভুল সচরাচর ঘটে না।
এছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে, যদিও তেহরান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে হরমুজ প্রণালির গুরুত্ব অনেক বেশি। এই জলপথ দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। চলমান সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ছে।