দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণে ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
দেশীয় বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়, প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সংস্থা, সেন্ট পিটার্সবার্গের পণ্য লেনদেন কেন্দ্র এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকে আলেকজান্ডার নোভাক বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী রয়েছে, যা দেশের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তেল পরিশোধনের পরিমাণ স্বাভাবিক রয়েছে। দেশীয় চাহিদা মেটাতে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুদ আছে এবং শোধনাগারগুলো উচ্চ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং এর জবাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।