সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:১৭ পিএম
সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে সংঘটিত এই হামলার বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইরান একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে বিমানঘাঁটিকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ শুরুর পর সৌদি আরবে আহত মার্কিন সেনার সংখ্যা ৩০০-এ পৌঁছেছে। এর মধ্যে ২৭৩ জন সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে গেছেন। তবে চলমান চার সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটির রানওয়ে ও সংলগ্ন অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। গোয়েন্দা বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান তাদের ঘরোয়া প্রযুক্তির নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সৌদিতে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা হামলার সময় কতটা ছিল, তা নিয়ে বিস্তারিত বিচার-বিশ্লেষণ চলছে। সামরিক সূত্র জানিয়েছে, ওয়াশিংটন হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।