যুদ্ধবিরতির ঘোষণায় তেহরানে বিজয় উৎসবে জনতার ঢল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
যুদ্ধবিরতির ঘোষণা প্রকাশের পর ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক বিজয় উৎসব। শহরের ইনকিলাব চত্বরে দলে দলে মানুষ জড়ো হয়ে আনন্দ উদযাপনে অংশ নিচ্ছেন। রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠেন সাধারণ জনগণ, যা এক পর্যায়ে বড় সমাবেশে রূপ নেয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ দুই সপ্তাহের উত্তেজনার পর মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানো হলে স্বস্তি ফিরে আসে দেশজুড়ে। এ ঘোষণার পরই জনগণের মাঝে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে দেশের বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া কঠোর আল্টিমেটামও গুরুত্ব হারায়। শেষ পর্যন্ত তিনি ইরানের উত্থাপিত দশ দফা দাবি মেনে নিতে বাধ্য হন এবং নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই যুদ্ধ বন্ধে সম্মতি দেন।
ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিরতি দেশের শর্ত অনুযায়ী বাস্তবায়িত হয়েছে, যা তাদের কূটনৈতিক ও সামরিক সাফল্যের প্রতিফলন। এই সাফল্য উদযাপনেই দেশজুড়ে মানুষের উচ্ছ্বাস এখন স্পষ্টভাবে দৃশ্যমান।