স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডে নিয়োগ দেওয়ায় শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
স্বাস্থ্য বিমা বোর্ডে নিজের স্ত্রীকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দলীয় সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে উঠে আসে, মন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি তার স্ত্রীকে ওই বোর্ডের সদস্য পদে বহাল রেখেছেন।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দলীয় প্রধান রবি লামিছানে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মন্ত্রীকে অপসারণের অনুরোধ জানান। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে বরখাস্ত করা হয়।
রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি জানিয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য পদের অপব্যবহার বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে অপসারণের ক্ষমতা দলের রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে একই ঘটনায় দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে দেখেননি।
উল্লেখ্য, দীপক কুমার শাহ গত ২৮ মার্চ মন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।