বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
চীনের দালিয়ান থেকে উচ্চগতির ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রেলওয়ে স্টেশনে তাদের স্বাগত জানান চীনের শুল্ক প্রশাসনের মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন। এ সময় শিশু-কিশোররা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। যাত্রার আগে সকালে তিনি দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।